• Breaking News

    Wednesday, October 1, 2014

    ইন্টারনেট দিতে ড্রোন মোতায়েন করবে ফেসবুক

    BAG
    ফেসবুকের ড্রোনফেসবুকের ড্রোনপৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ফেসবুক। আর এর জন্য আগামী বছরই ইন্টারনেট সুবিধা দিতে পারে এমন সৌরশক্তিনির্ভর ড্রোনের (চালকবিহীন বিমান) পরীক্ষা করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

    এ বছর ফেসবুকের কানেক্টিভিটি ল্যাব ও এর সঙ্গে ইন্টারনেট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগের কথা জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

    সৌরশক্তিচালিত ড্রোন দিয়ে ফেসবুকের এ উদ্যোগের অধীনে বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত দুই-তৃতীয়াংশ মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে চায় ফেসবুক।

    গত সপ্তাহে নিউইয়র্কে সোশ্যাল গুড সামিটে অংশ নিয়ে ফেসবুক কানেক্টিভিটি ল্যাবের প্রকৌশল বিভাগের পরিচালক ইয়ায়েল ম্যাগুইরি ইন্টারনেট সুবিধাযুক্ত ড্রোন সম্পর্কে বলেন, ‘২০১৫ সালের শুরুতেই আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় পরীক্ষা চালাতে যাচ্ছি।’
    ম্যাগুইরি বলেন, ‘আমাদের ড্রোনগুলোকে এমনভাবে তৈরি করতে হবে, যা চালকবিহীন অবস্থায় বায়ুমণ্ডলের উপরিভাগে দীর্ঘদিন উড়তে পারে। সাধারণ বিমানগুলোর আকাশপথের অনেক ওপরে উড়তে হবে এগুলোকে। আমাদের লক্ষ্য হচ্ছে ৬০ হাজার থেকে ৯০ হাজার ফুট ওপরে ওড়ানো। এই ড্রোনগুলোর আকার সাধারণ বিমানগুলোর মতোই হবে।’
    এই ইন্টারনেট সুবিধার বিমান তৈরি ও ব্যবহারের নীতিমালা, প্রযুক্তি উন্নয়ন ও বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে বলেও জানান ফেসবুকের ওই কর্মকর্তা।
    ফেসবুক তো সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠান, কিন্তু ড্রোন দিয়ে ফেসবুক কী করবে? প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, জাকারবার্গের লক্ষ্য হচ্ছে ফেসবুক ব্যবহারকারী বাড়ানো। যত বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, তত বেশি ফেসবুক ব্যবহারকারী বাড়বে বলে মনে করেন জাকারবার্গ। তাই সারা বিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দিতে চান তিনি। এর জন্য জাকারবার্গ তৈরি করেছেন ইন্টারনেট সংস্থা।
    বিশ্লেষকেরা জানিয়েছেন, ড্রোন বা চালকবিহীন বিমান জাকারবার্গের ইন্টারনেট অর্গানাইজেশন প্রকল্পের জন্য প্রয়োজন হবে। ফেসবুকসহ বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মিলে এই ইন্টারনেট সংস্থা তৈরি করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া। ফেসবুকের ড্রোনগুলো প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে পারবে। সৌরশক্তির সাহায্যে দীর্ঘদিন অনেক বেশি উচ্চতায় শূন্যে ভেসে থাকার ক্ষমতা থাকায় বিস্তীর্ণ অঞ্চলে ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা থাকবে।
    বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুক মোট ১১ হাজার ড্রোন তৈরি করে বিশ্বের ইন্টারনেট সুবিধাবিহীন বিভিন্ন অঞ্চলে তা মোতায়েন করতে পারে। এ ড্রোনে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকবে, যাতে ফিচার ফোনেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর আওতায় থাকা ব্যবহারকারীরা।
    আরও পড়ুন: আকাশ দখলে কেন মুখোমুখি গুগল-ফেসবুক?

    No comments: