• Breaking News

    Sunday, January 8, 2017

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৭ জানুয়ারি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তনের আয়োজন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আজ বিশ্ববিদ্যালয়ের ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবর্তনের সার্বিক প্রস্তুতির চিত্র তুলে ধরেন।উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং স্নাতকদের ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ। অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ স্নাতকদের মধ্যে চার হাজার ৯৩২ জন নিবন্ধনকৃত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে তিন হাজার ১৩৭ জন ছাত্রী এবং এক হাজার ৭৯৫ জন ছাত্র। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আটজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।উপাচার্য বলেন, সমাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, ডকুমেন্টারি তৈরি, বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস ও বিভাগীয় শহরের ছয়টি আঞ্চলিক কার্যালয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছরে এই প্রথম সমাবর্তন আয়োজন করায় এটিকে স্মরণীয় করে রাখতে ১২ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা শহর ও ছয়টি বিভাগীয় শহরে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে একই সময় অভিন্ন ব্যানারে ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে বাংলা একাডেমি ও দোয়েল চত্বর হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এ ‘আনন্দ শোভাযাত্রায়’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসির চেয়ারম্যান উপস্থিত থেকে এতে নেতৃত্ব দেবেন বলে জানান উপাচার্য।১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এ তিনদিন ধানমণ্ডি৮/এ সড়কের ৫৮ নম্বর বাড়িতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় থেকে সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিবন্ধনকৃত স্নাতকদের সমাবর্তন গাউন বিতরণ করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক নোমান উর রশীদ, ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ড. মোবাশ্বেরা খানম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসাইন ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

    No comments: